শিরোনাম

ফেনী, ১০ জুন ২০২৬,(বাসস) : ফেনী রিপোর্টার্স ইউনিটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবং দৈনিক জনকণ্ঠ ও এনটিভির সাবেক জেলা প্রতিনিধি ওসমান হারুন মাহমুদ দুলাল (৬৭) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল ভোর ৫টার দিকে ফেনী ডায়াবেটিস হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এবং এক কন্যা রেখে গেছেন। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় মন্ত্রী বলেন, ‘প্রয়াত ওসমান হারুন দুলাল ছিলেন একজন সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক। তার মৃত্যুতে ফেনীবাসী একজন পেশাদার সাংবাদিককে হারালো।’
মন্ত্রী মরহুম ওসমান হারুনের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শহরের মিজান ময়দানে গতকাল বাদ জোহর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক ফেনী সংবাদের প্রধান সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া জানাজায় ইমামতি করেন।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান, দ্যা ডেইলি স্টারের ফেনী প্রতিনিধি আবু তাহের, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সাবেক কাউন্সিলর ওমর ফারুক ভুঁইয়া বেলাল, মরহুমের ভগ্নিপতি অ্যাডভোকেট আবুল কালাম ও ছেলে রুথান মাহমুদ প্রমুখ।
জানাজা শেষে ফেনী প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, টেলিভিশন জার্নালিস্ট ক্লাব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন ফুলেল শ্রদ্ধা জানায়। পরে শহরের পাঠানবাড়ী এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।