বাসস
  ০৯ জুন ২০২৬, ২০:২৪
আপডেট : ০৯ জুন ২০২৬, ২১:০৪

এন্ট্রি লেভেলে কর্মরত চিকিৎসকদের বেতন কাঠামো তৈরির লক্ষ্যে কমিটি গঠন 

ঢাকা, ৯ জুন, ২০২৬ (বাসস) : বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল, ডেন্টাল কলেজসমূহের এন্ট্রি লেভেলে কর্মরত চিকিৎসকদের একটি যৌক্তিক, সমন্বিত ও সম্মানজনক বেতন কাঠামো তৈরির লক্ষ্যে কমিটি গঠন করেছে সরকার। 

কমিটিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে আহবায়ক এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালকে (মানব সম্পদক ব্যবস্থাপনা) সদস্য সচিব করা হয়েছে। 

আজ মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা গেছে। 

কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল)-কে সদস্য করা হয়েছে।

কমিটির কার্য পরিধিতে বলা হয়েছে, ১. বেসরকারি হাসপাতাল/ক্লিনিক/মেডিকেল/ডেন্টাল কলেজসমূহে এন্ট্রি-লেভেলে কর্মরত চিকিৎসকদের বিদ্যমান বেতন, ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাসমূহ পর্যালোচনা এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা।

২. সংশ্লিষ্ট অংশীজনের মতামত গ্রহণপূর্বক এন্ট্রি-লেভেলের চিকিৎসকদের জন্য একটি যৌক্তিক, সমন্বিত ও সম্মানজনক বেতন কাঠামোর খসড়া প্রণয়ন করা।

৩. প্রণীত বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বরাবর দাখিল করা।

কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।