বাসস
  ০৯ জুন ২০২৬, ১৫:১০

বর্তমান সরকার প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ : প্রিন্স

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন। ছবি: বাসস

ময়মনসিংহ, ৯ জুন, ২০২৬ (বাসস) : বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বর্তমান বিশ্বে জ্ঞান ও বিজ্ঞানই সবচেয়ে বড় শক্তি এবং উন্নয়নের সবচেয়ে কার্যকর হাতিয়ার। যে দেশ গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিতে এগিয়ে যায়, সেই দেশই বিশ্ব নেতৃত্ব দেয়। 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। মানব সম্পদ উন্নয়ন, বিজ্ঞান শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগের মাধ্যমেই দেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা সম্ভব।

আজ দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রিন্স বলেন, জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও বিজ্ঞান মেলার মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং তাদের মধ্যে গবেষণা ও উদ্ভাবনের আগ্রহ সৃষ্টি করা। বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশের সুযোগ সৃষ্টি করা।

অনুষ্ঠানে ক্ষুদে বিজ্ঞানী ও প্রযুক্তি নিয়ে গবেষণা ও প্রকল্পে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়ে তরুণ শিক্ষার্থী, ক্ষুদে বিজ্ঞানীদের উদ্দেশ্যে জেলা পরিষদ প্রশাসক আরো বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের কৌতূহল, স্বপ্ন এবং উদ্ভাবনী চিন্তাই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। 

ব্যর্থতাকে ভয় পাবেনা। পৃথিবীর প্রতিটি বড় আবিষ্কারের পেছনে রয়েছে অসংখ্য পরীক্ষা, গবেষণা এবং সংগ্রামের গল্প। তাই বড় স্বপ্ন দেখ, প্রশ্ন কর, গবেষণা কর এবং নতুন কিছু আবিষ্কারের সাহস রাখো।’

প্রিন্স আরও বলেন, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আজ একে অপরের পরিপূরক। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস (আইওটি), বিগ ডাটা ও বায়োটেকনোলজির যুগে বাংলাদেশকে এগিয়ে নিতে বিজ্ঞান শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতার সমন্বয় অপরিহার্য। শিক্ষার্থীদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, প্রযুক্তির উদ্ভাবক হিসেবে গড়ে তুলতে হবে। আমরা এমন একটি প্রজন্ম দেখতে চাই, যারা বিশ্বকে অনুসরণ করবে না, বরং নতুন জ্ঞান ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্বকে পথ দেখাবে।

তিনদিনব্যাপী বিভাগীয় পর্যায়ে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২০টি স্টল অংশ নেয়। এ সময় প্রধান অতিথি মেলা ঘুরে দেখেন। এতে ক্ষুদে বিজ্ঞানীরা নিজ নিজ স্টলে নিজেদের গবেষণা উদ্ভাবন প্রদর্শন করেন।

ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল। 

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক ড. মফিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন্নাহার এবং বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা। 

অনুষ্ঠানে ক্ষুদে বিজ্ঞানী ও তরুণ গবেষকরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন।