শিরোনাম

, ৯ জুন ২০২৬ (বাসস): রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে জেল পলাতক ও একাধিক প্রতারণা মামলার আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গতকাল (সোমবার) বিকেলে মিরপুর-১ এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আজ (মঙ্গলবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আসমির নাম অহিদুল আলম ভূঁইয়া ওরফে সাজিদ (৫৭)। গ্রেফতারের সময় তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির ১০টি সিম কার্ড এবং বিভিন্ন ব্যাংকের ১০টি হিসাব নম্বর সংবলিত মোট ২৩টি ব্লাঙ্ক চেক উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অহিদুল দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণাসহ হজে লোক পাঠানোর নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড করে আসছিলেন। সে পুলিশ হেডকোয়ার্টার্স ও কারা অধিদপ্তরের প্রকাশিত জেল পলাতক তালিকার ৬০ নম্বর ক্রমিকের তালিকাভুক্ত আসামি।
নরসিংদী জেলার মনোহরদী থানায় দায়ের করা বিভিন্ন প্রতারণা মামলায় অহিদুলের বিরুদ্ধে ১০টিরও অধিক গ্রেফতারি পরোয়ানা মুলতবি রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।