বাসস
  ০৮ জুন ২০২৬, ২১:৫০

তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে নান্দাইল হাসপাতালে প্রথমবার জটিল অপারেশন সম্পন্ন

ছবি : বাসস

ঢাকা, ৮ জুন, ২০২৬ (বাসস): তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপির বিশেষ নির্দেশনা ও উদ্যোগে ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় এক অনন্য ও ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে। হাসপাতালে ছোটখাটো অপারেশন নিয়মিত হলেও প্রতিমন্ত্রীর বিশেষ উদ্যোগে এবারই প্রথমবারের মতো অত্যন্ত জটিল ও আধুনিক ‘প্যারাআম্বিলিক্যাল হার্নিয়া’ (ম্যাশ রিপিয়ার) অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ প্রথম দিনেই আধুনিকায়িত এই অপারেশন থিয়েটারে (ওটি) এই প্রথম কোনো রোগীর 'প্যারাআম্বিলিক্যাল হার্নিয়া' অস্ত্রোপচার করা হয়। এর পাশাপাশি অন্যান্য নিয়মিত অপারেশনসহ আজ মোট ১০ জন রোগীর জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে চিকিৎসাধীন সকল রোগী পুরোপুরি সুস্থ আছেন।

এ বিষয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা বাসসকে বলেন, ‘তথ্য প্রতিমন্ত্রীর সরাসরি দিকনির্দেশনা ও সার্বিক অনুপ্রেরণায় নান্দাইল হাসপাতালেই এখন জটিল ও উন্নত মানের সার্জারি করা সম্ভব হচ্ছে, যার জন্য আগে রোগীদের দূর-দূরান্তে যেতে হতো।’ 

তিনি জানান, আজ হাসপাতালের বহিঃবিভাগেও ৭৫ জন রোগীকে সার্জারি সংক্রান্ত বিশেষ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে এবং দ্রুততম সময়ে বাকিদের অপারেশনের জন্য একটি সুনির্দিষ্ট শিডিউল তৈরি করা হয়েছে।

প্রতিমন্ত্রীর এই বিশেষ উদ্যোগের সুবাদে এখন থেকে নান্দাইল হাসপাতালেই নিয়মিত সিজারিয়ান সেকশন (সিজার) এবং পায়ুপথের যেকোনো জটিল সমস্যা (যেমন: পাইলস, ফিসার, ফিস্টুলা) অপারেশনের মতো উন্নত ও আধুনিক সেবা পাওয়া যাবে।

হাসপাতালটিতে এই প্রথম ‘প্যারাআম্বিলিক্যাল হার্নিয়া’ অপারেশন টিমে নেতৃত্ব দেন সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কাজী শরিফুর রহমান সজীব এবং এনেস্থেসিয়া কনসালটেন্ট ডা. অপূর্ব কাঞ্চন মজুমদার। 

এই টিমকে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র স্টাফ নার্স ফিরোজা খানম, শরিফা আক্তার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আনিছুর রহমান রুবেলসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যেকোনো জরুরি স্বাস্থ্যসেবার প্রয়োজনে সাধারণ মানুষ হাসপাতালের জরুরি বিভাগের হটলাইন নম্বরে (০১৭৩০৩২৪৫২৮) সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন রোগীরা। 

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর এই যুগান্তকারী ও জনকল্যাণমুখী পদক্ষেপ এবং হাসপাতালে প্রথমবারের মতো এমন জটিল অপারেশন সফল হওয়ায় নান্দাইলের সর্বস্তরের জনগণ প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে।