বাসস
  ০৮ জুন ২০২৬, ২০:৩২

রাজধানীতে চোরাই স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ তিনজন গ্রেফতার 

ঢাকা, ৮ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির সূত্রাপুর থানা পুলিশ। 

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃতরা হলো- রাজু আহমেদ শিপলু (৩৭), ইরফান অমি (৩৮) ও মো. আলমগীর (৫০)। 

পুলিশ জানায়, গত ৩১ মে বাসায় তালা দিয়ে ঢাকার বাইরে বেড়াতে যান সূত্রাপুর থানার উল্টিনগঞ্জ লেনের একটি বাসার ভাড়াটিয়া। পরে বুধবার সকালে বাসায় এসে দেখতে পান দরজার তালা ভাঙা এবং বাইরে থেকে ছিটকিনি দেওয়া। এ ঘটনায় স্বর্ণালঙ্কার, একটি টেলিভিশন ও নগদ অর্থসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল চুরি হয় দাবি করে সূত্রাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। পরে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সূত্রাপুর থানা পুলিশ ঘটনায় জড়িতদের সনাক্ত করে এবং সোমবার সূত্রাপুর ও যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের থেকে প্রাপ্ত তথ্যমতে শিপলুর যাত্রাবাড়ীর বাসা থেকে অভিযান পরিচালনা করে চুরি হওয়া এক জোড়া স্বর্ণের ঝুমকা, একটি টেলিভিশন, একটি স্মার্টফোন এবং নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।