শিরোনাম

চট্টগ্রাম, ৮ জুন, ২০২৬ (বাসস) : নগরীর বাকলিয়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামীকাল মঙ্গলবার (৯ জুন) দিন ধার্য করা হয়েছে।
সোমবার (৮ জুন) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমা এ আদেশ দেন। এ সময় আসামি মনির হোসেন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, নগরীর বাকলিয়া থানার চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিল। ট্রাইব্যুনাল অভিযোগপত্র আমলে নিয়ে আগামীকাল মঙ্গলবার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেছেন।
আদালত সূত্র জানায়, গত ৪ জুন মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। তদন্তে চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট, সাক্ষ্য-প্রমাণ এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
মামলার একমাত্র আসামি মনির হোসেন (৩০) কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘারঘাটা এলাকার বাসিন্দা। মনির চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার মিয়াখান নগরে বসবাস করছিলো।
মামলার নথি অনুযায়ী, গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠ সংলগ্ন একটি গুদামকক্ষে চার বছরের শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা মেহেদী হাসান বাদি হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পরদিন মনির হোসেনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ভুক্তভোগী শিশুর জবানবন্দিও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় রেকর্ড করা হয়।
তদন্ত শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলায় ১৩ জনকে সাক্ষী করা হয়েছে।