বাসস
  ০৮ জুন ২০২৬, ১৬:১৫

কেসিসি প্রশাসকের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্টের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রোববার খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: বাসস

খুলনা, ৮ জুন, ২০২৬ (বাসস) : ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্টের নেতৃত্বে একটি প্রতিনিধিদল খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গতকাল রোববার বিকেলে নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

বৈঠকে কেসিসি ও মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময়ে অংশ নেন। প্রতিনিধিদল খুলনা সিটির স্বাস্থ্যসেবা, মশক নিয়ন্ত্রণ, অবকাঠামোগত উন্নয়ন, পরিবহন এবং বর্জ্য ব্যবস্থাপনাসহ বেশ কয়েকটি খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

কেসিসি প্রশাসক প্রতিনিধিদলের সদস্যদের খুলনায় স্বাগত জানান এবং খুলনা মহানগরীতে কেসিসি কর্তৃক চলমান প্রকল্পসমূহের বিবরণ তুলে ধরেন। 

তিনি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাবের দিকসমূহ তুলে ধরেন এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানে আমেরিকান সরকারের পক্ষ থেকে প্রযুক্তিগত সহযোগিতা কামনা করেন। একইসাথে মহানগরীর উন্নয়নের স্বার্থে নবায়নযোগ্য জ¦ালানি ও পর্যটন খাত, মশক নিধন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সড়ক উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে গৃহীত কার্যক্রমে কেসিসি’র পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ^াস দেন।

এছাড়া প্রশাসক পরিবহন সেক্টরের আধুনিকায়নে ইলেকট্রিক বাস অথবা মেট্রোরেল সার্ভিস চালুর বিষয়ে সহযোগিতার আহ্বান জানান। 

এ সময় মার্কিন দূতাবাসের কর্মকর্তা ইসাইয়াহ ডি. ফাহার্টি, ব্রানডন বারনেস, জিওভানি রামিরেজ, মাশহুর আলম শেট, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম উপস্থিত ছিলেন।