শিরোনাম

ঢাকা, ৮ জুন, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে দলীয় নেতা-কর্মীদের সতর্ক, দায়িত্বশীল ও জনমুখী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের ধারাবাহিকতায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে। এ দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়া বিএনপি’র উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রোববার রাতে সিডনির লাকেম্বা লাইব্রেরি হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।
এ সময় ড. রিপন বলেন, আমরা দেশ পরিচালনার দায়িত্বে আছি। এই দায়িত্বটি যাতে আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি এবং সমালোচনার ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে পারি, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’
তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের কর্মকা-ে যেন কোনো অনিয়মের অভিযোগ না ওঠে, সে বিষয়ে সচেতন থাকতে হবে। জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে দায়িত্বশীল আচরণের বিকল্প নেই।
অস্ট্রেলিয়া বিএনপি’র সভাপতি এএফএম তাওহিদুল ইসলামের সভাপতিত্বে ও শফিউল আলম শিফকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও রাজনৈতিক নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) অমি ফেরদৌস।
তিনি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন অস্ট্রেলিয়া বিএনপি’র কোষাধ্যক্ষ মনজুরুল হক আলমগীর।
স্বাগত বক্তব্য দেন শিক্ষাবিদ ড. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহ জে মিয়া।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।
পরে জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম, জয় আহমেদ সুলতান, মোহাম্মদ রুহুল আমিন, আরিফুর রহমান, খাজা দাউদ হোসেন, আশওয়াদুল হক বাবু, মশিউর রহমান তুহিন, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান লাবু, মোকসেদ আলম দীপু, মোহাম্মদ মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, মফিজুল ইসলাম সাগর, আব্দুল আলীম, আবিদা সুলতানা, আজিজুন নাহার মালা, আহসান হাবিব, আবু বকর সিদ্দিক, শাহীনূর রহমান, আবুল হোসেন, হারুনর রশিদ, মনির হোসেন বাপ্পি, মোহাম্মদ রফিক, সাইদুল ইসলাম, মোহাম্মদ রাসেল মিয়া, মোহাম্মদ ফারদিন, মিঠু ব্যাপারির, নূরে আলম, খায়রুল আমিন, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ মোবারক হোসেন, শফিকুল ইসলাম শফিক, শেখ মোহাম্মদ থমাস ও মোহাম্মদ আলম।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ায় বসবাসরত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সদস্যবৃন্দ।