শিরোনাম

সংসদ ভবন, ৭ জুন ২০২৬ (বাসস) : ময়মনসিংহের নান্দাইল উপজেলার উদীয়মান নারী ফুটবলারদের জাতীয় সংসদ ভবন ঘুরে দেখার স্বপ্ন পূরণ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
নান্দাইলের এই খুদে নারী ফুটবলারদের সংসদ ভবন ঘুরে দেখার আবদার ছিল। বিষয়টি জানার পর তথ্য প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে তার কার্যালয়ের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। প্রতিমন্ত্রীর বিশেষ উদ্যোগ ও ব্যবস্থাপনায় নান্দাইলের এই ‘সূর্যকন্যারা’ আজ দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশ এবং তা ঘুরে দেখার ঐতিহাসিক সুযোগ লাভ করেন।
সংসদ ভবন পরিদর্শনের সময় নান্দাইলের এই নারী ফুটবলারদের চোখে-মুখে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়। উপস্থিত ক্রীড়ানুরাগী জানান, প্রতিমন্ত্রীর এই আন্তরিকতা, ত্বরিত পদক্ষেপ এবং অনুপ্রেরণা প্রত্যন্ত অঞ্চলের এই মেয়েদের পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্নকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে।
নারী ফুটবলারদের এই স্বপ্ন পূরণের অনন্য উদ্যোগের জন্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর প্রতি গভীর ধন্যবাদ ও অন্তহীন কৃতজ্ঞতা প্রকাশ করেছে দলটি।
প্রসঙ্গত, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালিকা) গত ৪ জুন জয় পায় ময়মনসিংহ বিভাগের নান্দাইল উপজেলার আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঢাকার মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পেকুরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
জাতীয় পর্যায়ের প্রথম রাউন্ডে লালমনিরহাট জেলা দলকে হারিয়ে নান্দাইল উপজেলা দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়।