বাসস
  ০৭ জুন ২০২৬, ১৯:৪৮

আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেফতার

ঢাকা, ৭ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে ৫৭ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- শহিদুল ইসলাম মাঝি (৬০), আব্দুল মালেক (৫৫), মো. মনির হোসেন (৪৫), ইউসুফ কাজী (৬৫), রাইসুল ইসলাম (৩৪), আরিফুল ইসলাম (৩৪), মো. আফজাল হোসেন (৩০), তিন্নাথ পাল (৩৮) ও রিপন পাল (৩৬)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন আজ এ তথ্য জানিয়েছেন। ওয়ারী থানা পুলিশের একটি টিম গতকাল ইত্তেফাক মোড় থেকে ৬ জনকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর ও তাঁতীবাজার এলাকা থেকে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। 

অভিযানে লুণ্ঠিত সোনার একটি অংশ, নগদ অর্থ এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে ওয়ারী থানাধীন নবাবপুর রোডের রথখোলা মোড়ে স্বর্ণ ব্যবসায়ী হরিপদ পাল ও তার প্রতিষ্ঠানের ম্যানেজার ৫৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে বাসায় ফেরার পথে সংঘবদ্ধ একটি চক্র ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাদেরকে মাইক্রোবাসে তুলে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে তাদেরকে কমলাপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী হরিপদ পালের অভিযোগের ভিত্তিতে ওয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়।