শিরোনাম

ঢাকা, ৭ জুন, ২০২৬ (বাসস): বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সমাজের সর্বক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আজ রাজধানীর আগারগাঁওস্থ ইউজিসি কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রফেসর মামুন আহমেদ বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পেশাগত ও রাজনৈতিক জীবনের প্রতিটি পর্যায়ে ন্যায্যতা প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সমাজ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ন্যায্যতা নিশ্চিত করা গেলে সেটিই হবে তাঁর প্রতি আমাদের যথার্থ শ্রদ্ধা প্রদর্শন।’
তিনি বলেন, একটি সুষ্ঠু ও কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলতে হলে প্রত্যেককে তার ন্যায্য প্রাপ্য যথাসময়ে, পক্ষপাতমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রদান নিশ্চিত করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা ছিল প্রশ্নাতীত। একই সঙ্গে তিনি ছিলেন অত্যন্ত সময়নিষ্ঠ, দায়িত্বশীল এবং কর্মমুখী নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ।
ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো শিক্ষা ও সমাজের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশব্যাপী গণস্বাক্ষরতা কর্মসূচি ও নৈশ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেছিলেন, যা শিক্ষা ও সমাজের পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করেছিল।
পরিবর্তনশীল সময় ও বাস্তবতার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার অসাধারণ সক্ষমতার কারণে জিয়াউর রহমান আজও প্রাসঙ্গিক উল্লেখ করে ড. মামুন আহমেদ বলেন, রাষ্ট্র পরিচালনা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান গঠন, উৎপাদনমুখী অর্থনীতি, স্থানীয় সরকার শক্তিশালীকরণ এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ বিনির্মাণে তাঁর চিন্তা ও দূরদর্শী উদ্যোগ এখনো নীতিনির্ধারক, গবেষক ও তরুণ প্রজন্মের কাছে সমানভাবে আলোচিত।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন অনন্য ব্যক্তিত্ব, যিনি মৃত্যুর পরও নিজের কর্মের মাধ্যমে দেশ ও জাতির কাছে প্রাসঙ্গিক রয়েছেন। তিনি উপস্থিত সকলকে দেশ গড়ার কাজে নিজ নিজ অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান।
পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. মহিবুল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভীন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মজীবন ও রাষ্ট্র পরিচালনায় তাঁর বহুমাত্রিক অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা শেষে বিশেষ মোনাজাতে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।