শিরোনাম

ঢাকা, ৬ জুন, ২০২৬ (বাসস) : কবি জীবনানন্দ দাশ, কবি আল মাহমুদ, লেখক ও অনুবাদক মনিরউদ্দীন ইউসুফ এবং কথাসাহিত্যিক রশীদ করীম স্মরণে সেমিনার সিরিজ (২০২৫-২৬) উদ্বোধন পর্ব শুরু হয়েছে।
আজ শনিবার পাঁচ পর্বে ভাগ করা দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথমপর্বে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে সংস্কৃতি সচিব কানিজ মওলা প্রধান অতিথি হিসেবে।
এ অনুষ্ঠানে ‘স্বাগত বক্তৃতা করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা।
মোহাম্মদ আজম বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমি আমাদের শিল্প-সাহিত্য-সংস্কৃতি ক্ষেত্রের গুণিজন স্মরণে ধারাবাহিকভাবে কিছু সেমিনার কর্মসূচি বাস্তবায়ন করছে। সূচনাপর্বে জীবনানন্দ, আল মাহমুদ, মনিরউদ্দীন ইউসুফ আর রশীদ করীমের কৃতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে।
কানিজ মওলা বলেন, দেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রের পথিকৃৎ গুণিজনদের স্মরণে বছরব্যাপী ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। বাংলা একাডেমিসহ মন্ত্রণালয়ভুক্ত প্রতিষ্ঠানসমূহ রাজধানী এবং এর বাইরে গুণিজনদের স্মৃতিবিজড়িত এলাকায় সেমিনার, আলোচনা অনুষ্ঠান ইত্যাদির মধ্য দিয়ে গুণিজন স্মরণ কর্মসূচি বাস্তবায়ন শুরু করছে।
দ্বিতীয় পর্বে কবি আল মাহমুদ স্মরণসভায় ‘কবিতাহীন সময়ে কবির কাল’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও সম্পাদক রেজাউল করিম রনি। আলোচনায় অংশগ্রহণ করেন কবি ও সম্পাদক সাজ্জাদ শরিফ। সভাপ্রধানের দায়িত্ব পালন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
তৃতীয় পর্বে লেখক ও অনুবাদক মনিরউদ্দীন ইউসুফ স্মরণসভায় ‘বাংলার ফেরদৌসী মনিরউদ্দীন ইউসুফ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ড. হালিম দাদ খান। আলোচনায় অংশগ্রহণ করেন লেখক ও অনুবাদক জাভেদ হুসেন। সভাপ্রধানের দায়িত্ব পালন করেন লেখক ও আলোকচিত্রী নাসির আলী মামুন।
চতুর্থ পর্বে কবি জীবনানন্দ দাশ স্মরণসভায় ‘জীবনানন্দ ও অন্ধকার’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও গবেষক কুমার চক্রবর্তী। আলোচনায় অংশগ্রহণ করেন প্রাবন্ধিক ও গবেষক ড. কুদরত-ই-হুদা। সভাপ্রধানের দায়িত্ব পালন করেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী।
পঞ্চম পর্বে কথাসাহিত্যিক রশীদ করীম স্মরণসভায় ‘রশীদ করীমের উপন্যাস : মনস্তাত্ত্বিক আধুনিকতা নাগরিক চেতনা ও মুসলিম মধ্যবিত্ত জীবনের শিল্পরূপ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও গবেষক অধ্যাপক মাসুদুল হক। আলোচনায় অংশগ্রহণ করেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক হোসনে আরা। সভাপ্রধানের দায়িত্ব পালন করেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক সৈয়দ আজিজুল হক।