শিরোনাম

ঢাকা, ৬ জুন, ২০২৬ (বাসস) : শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মানসম্পন্ন পণ্য প্রাপ্তি জনসাধারণের নাগরিক অধিকার। জনগণের অধিকার রক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-কে দায়িত্বের সাথে কাজ করতে হবে।
আজ রাজধানীতে বিএসটিআই মিলনায়তনে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ‘নীতি নির্ধারণী প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।
তিনি বলেন, বর্তমান বিশ্বে তথ্যনির্ভর ও প্রমাণকভিত্তিক নীতি প্রণয়নের ক্ষেত্রে সঠিক পরিমাপের নির্ভুল পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্ত্রী আরো বলেন, ভোগ্যপণ্য ক্রয়ের ক্ষেত্রে মানুষকে বিএসটিআই’র ওপর আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। বিএসটিআই অনুমোদিত পণ্য শুধু দেশের বাজারেই বিক্রি হয় না, বিদেশেও দেশের ভাবমূর্তি ও মর্যাদা বহন করে।
তাই ল্যাবরেটরিতে পরীক্ষিত পণ্য আন্তর্জাতিকভাবে যাতে গ্রহণযোগ্য হতে পারে সে লক্ষ্যে প্রতিষ্ঠানটির সক্ষমতা আরও বাড়াতে হবে।
তিনি বলেন, দেশব্যাপী নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং নকল ও ভেজাল ভোগ্যপণ্য উৎপাদন, সরবরাহ ও বিপণন রোধে বিএসটিআইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরো সক্ষম করে গড়ে তুলতে হবে। মাঠপর্যায়ে তদারকি বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, বিএসটিআই’র জনবল সংকট দূর করার পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরো কার্যকর, আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে।
বিএসটিআই’র মহাপরিচালক কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, এফবিসিসিআই’র প্রশাসক মো. আবদুর রহিম খান এবং বিএসটিআই’র পরিচালক (মেট্রোলজি) মাজাহারুল হক।