বাসস
  ০৬ জুন ২০২৬, ১৭:০১

মশাবাহিত রোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জরুরি: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

ছবি: বাসস

চট্টগ্রাম, ৬ জুন, ২০২৬ (বাসস) : ডেঙ্গুসহ মশাবাহিত রোগ বর্তমানে জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, এ ধরনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; এর পাশাপাশি জনগণের সচেতনতা বৃদ্ধি, সক্রিয় অংশগ্রহণ এবং সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

শনিবার (৬ জুন) সকালে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ আয়োজিত চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে সচেতনতামূলক একটি র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এসব কথা বলেন।

এসময় বিভাগীয় কমিশনার বলেন, আমাদের প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কারণ জমে থাকা পানিতেই এডিস মশা বংশবিস্তার করে।

র‌্যালিটি হাসপাতাল থেকে বের হয়ে আন্দরকিল্লা হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও সিনিয়র কনসালট্যান্ট (অর্থো সার্জারি) ডা. অজয় দাশ ও বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ জাবেদ, আগ্রাবাদস্থ সরকারি মেডিক্যাল সাব-ডিপোর ম্যানেজার ডা. সাখাওয়াত হোসেনসহ এমএসএফ, ব্র্যাক, আইসিডিডিআরবি’র প্রতিনিধি, বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক-কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা র‌্যালিতে অংশ নেন।

র‌্যালি শেষে হাসপাতালের নালায় ফগার মেশিন দিয়ে স্প্রে করে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে জনসচেতনতামূলক পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।