বাসস
  ০৫ জুন ২০২৬, ১৯:১৩

চট্টগ্রামে ১২ দেশের রানারের অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতা

চট্টগ্রাম নগরীতে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা ‘স্যাম বন্ড-সিআর টেনকে ২০২৬’ অনুষ্ঠিত। ছবি: বাসস

চট্টগ্রাম, ৫ জুন, ২০২৬ (বাসস) : নগরীতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা ‘স্যাম বন্ড-সিআর টেনকে ২০২৬’। প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশের ১ হাজার ১৮২ জন দৌড়বিদ অংশ নেন। এবারের প্রতিপাদ্য ছিল ‘রান দ্য সিটি’। পঞ্চমবারের মতো প্রতিযোগিতার আয়োজন করে চট্টলা রানার্স।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শুক্রবার (৫ জুন) ভোরে চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে এই দৌড় প্রতিযোগীতার আয়োজন করা হয়। ভোর ৫টা ৪৫ মিনিটে দৌড় শুরু হয়ে সকাল সাড়ে ৭টার মধ্যে শেষ হয়। পরে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী প্রত্যেক রানারের সময় ডিজিটাল টাইমিং সিস্টেমের মাধ্যমে নির্ধারণ করা হয়।

ওপেন (মেইন) ক্যাটাগরিতে ৩৮ মিনিট ৪৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন আসাদুর রহমান মহসিন। ৪০ মিনিট ২৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন নূর-এ-আলম এবং ৪১ মিনিট ৪৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন মোহাম্মদ ইফতি। চতুর্থ ও পঞ্চম হন যথাক্রমে মাহফুজুর রহমান ও শাখাওয়াত হোসেন।

মহিলা ক্যাটাগরিতে প্রথম হন ডা. নওরিন জাহান। দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে জারা এবং আয়শা আক্তার জুলি। চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেন সারা বিন তাহুরা এবং ভিলো তুগাডা।

জেনারেশন নেক্সট (১৪-১৮ বছর) ক্যাটাগরিতে প্রথম হন মাহফুজ রহমান তুরাব। দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে আকিফ আবেদ আকিল এবং মো. ফেরদৌস আমিন। এ ছাড়া আরও তিনটি বয়সভিত্তিক ক্যাটাগরিতে প্রথম হন সুব্রত পাল, মো. ইনামুল হক ও সঞ্জীব কুমার ঘোষ। দ্বিতীয় হন মোহাম্মদ দিদারুল, মো. মুসা খান ও মো. ফরিদ আহমেদ। তৃতীয় হন আবু মো. জুলফিকার আজাদ, রতন কান্তি বড়ুয়া ও মো. আসলাম পারভেজ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, এ ধরনের আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, বরং সুস্থ জীবনধারা ও নিয়মিত শরীরচর্চার সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণসহ সব বয়সী মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের দৌড় প্রতিযোগিতা কার্যকর ভূমিকা পালন করছে। 

দেশি-বিদেশি রানারদের অংশগ্রহণে চট্টগ্রাম একদিনের জন্য দৌড়ের নগরীতে পরিণত হয়েছে।