শিরোনাম

ঢাকা, ৫ জুন, ২০২৬ (বাসস): ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেছেন, স্বাধীন বাংলাদেশকে সঠিক পথ দেখিয়েছিলেন সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়া।
দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া’র ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মানিক মিয়া পরিষদ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে এই আলোচনা সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন মানিক মিয়া পরিষদের সভাপতি এম এ জলিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আব্দুস সালাম। প্রধান আলোচক ছিলেন গণফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুব্রত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক পরিষদের সভাপতি এ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র কর, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী, দৈনিক মুক্ত খবরের যুগ্ম সম্পাদক সাংবাদিক কাজী ফারুক, সহকারী সম্পাদক আব্দুল গণি, জনতা সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ বাদশা উদ্দিন মিন্টু, মুক্তিযোদ্ধা আমিনুল হক ভূঁইয়া।
আব্দুস সালাম বলেন, জাতির আগামীদিনের পথপ্রদর্শক হিসেবে কাজ করেছেন তফাজ্জল হোসেন মানিক মিয়া। তিনি স্বাধীন বাংলাদেশের পথপ্রদর্শন করার পাশাপাশি বাঙ্গালী জাতীকে ঐক্যবদ্ধ করেছেন।
তিনি মানিক মিয়ার সাহসীকতাকে ধারন করে বাংলাদেশকে বৈষম্যহীন, গণতান্ত্রিক আইনের শাসন ও পরিবেশ বান্ধব দেশ হিসেবে গঠন করার আহ্বান জানান।
তিনি বলেন, রাজনীতিতে আদর্শের পার্থক্য থাকবে কিন্তু দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তবেই দেশ হবে উন্নত, সমৃদ্ধ, আইনের শাসনের এবং পরিবেশ বান্ধব বাংলাদেশ।