শিরোনাম

ঢাকা, ৫ জুন, ২০২৬ (বাসস): বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৪৬/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পোয়াবন নামক এলাকায় এ অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা দুইটি ব্যাগ ফেলে পার্শ্ববর্তী পাহাড়ি জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত দুটি ব্যাগ তল্লাশি করে ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজারমূল্য তিন কোটি দুই লাখ বায়ান্ন হাজার তিনশত টাকা।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।