বাসস
  ০৫ জুন ২০২৬, ১৫:২৮

বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরীর বড় ভাই আর নেই: বিএফইউজে-ডিইউজের শোক

আহমদ গণি চৌধুরী। ফাইল ছবি

ঢাকা, ৫ জুন, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্য সচিব কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। আজ সকাল ১০টা ৪৩ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আহমদ গণি চৌধুরী স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, আগামীকাল শনিবার বেলা ১১টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ শাহী মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

আহমদ গণি চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

সংগঠনগুলোর নেতা ও সদস্যরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।