শিরোনাম

ঢাকা, ০৫ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর মোহাম্মদপুরে অভিযান পরিচালনা করে ১৯ কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- মো. চাঁন মিয়া (৩৫), মো. ওয়াসিম (৩৩), মো. রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২০), মোছা. তাসলিমা বেগম (৩৫), মোছা. জান্নাত আক্তার (১৯) ও মোছা. কাজল বেগম (২৬)।
সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি’র একটি টিম ওই বাসায় অভিযান চালিয়ে সেখান থেকে ১৯ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল তারা।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।