শিরোনাম

ঢাকা, ৪ জুন, ২০২৬ (বাসস) : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও তিনজন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) থেকে পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুদ খান। এছাড়া নতুন নিয়োগ পাওয়া তিন কমিশনার হলেন- নাহিদ মাহতাব, তানভীর হাবিব রহমান এবং মো. নাফিজ আল তারিক।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য এসব নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এতে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব গ্রহণের আগে নিয়োগপ্রাপ্তদের অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে তাদের সকল পেশাগত সম্পর্ক ও পদ থেকে অব্যাহতি নিতে হবে।
এর আগে আজ সকালে বিএসইসির চেয়ারম্যান পদ থেকে খন্দকার রাশেদ মাকসুদ এবং সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেন।