শিরোনাম

ঢাকা, ৪ জুন, ২০২৬ (বাসস) : প্রান্তিক (লাইফলাইন) গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি পুনঃনির্ধারিত বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
আজ বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর বিভিন্ন গ্রাহকশ্রেণির বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাবের ওপর বিইআরসি গত ২০ ও ২১ মে গণশুনানি আয়োজন করে। পরে গতকাল বিইআরসি সংবাদ সম্মেলন করে বিদ্যুতের পাইকারি (বাল্ক), সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনঃনির্ধারণ করেছে।
বিইআরসির পুনঃনির্ধারিত ট্যারিফে বিদ্যুৎ বিভাগের অনুমোদনের ভিত্তিতে পিডিবির প্রস্তাবিত প্রান্তিক গ্রাহকদের ট্যারিফের প্রতিফলন ঘটেনি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে প্রান্তিক গ্রাহক, বিশেষ করে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বিদ্যুৎ ব্যয় অনেক বেড়ে যেতে পারে। এর ফলে তাদের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রান্তিক গ্রাহকদের জন্য পুনঃনির্ধারিত ট্যারিফ সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও এতে উল্লেখ করা হয়।
এ অবস্থায় গতকাল পিডিবি’র প্রস্তাবের আলোকে প্রান্তিক গ্রাহকদের জন্য ট্যারিফ পুনঃনির্ধারণের অনুরোধ জানিয়ে বিইআরসিকে চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, কমিশন এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।