বাসস
  ০৩ জুন ২০২৬, ২০:৪৩

উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন প্রশিক্ষণে প্রশাসন ক্যাডারের ৩০ কর্মকর্তা মনোনীত

ঢাকা, ৩ জুন, ২০২৬ (বাসস): উন্নয়ন প্রকল্প বাস্তব বৃদ্ধি এবং সরকারি উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩০ জন কর্মকর্তাকে বিশেষ প্রশিক্ষণের জন্য মনোনীত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সেকেন্ড ট্রেনিং কোর্স অন আন্ডারস্ট্যান্ডিং প্রজেক্ট ডকুমেন্ট ফর ইফেকটিভ ইমপ্লিমেন্টেশন অব ডেভেলপমেন্ট প্রজেক্ট’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য প্রশাসন ক্যাডারের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।

জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি (নাডা) আয়োজিত এ প্রশিক্ষণে যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব এবং সহকারী সচিব পদমর্যাদার মোট ৩০ জন কর্মকর্তা অংশ নেবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন, তদারকি ও মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

বিশেষ করে প্রকল্প দলিল যথাযথভাবে অনুধাবন এবং তার আলোকে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন কৌশল ও পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা হবে।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের পরিধি ক্রমাগত সম্প্রসারিত হওয়ায় প্রকল্প ব্যবস্থাপনায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

এ লক্ষ্যে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির মাধ্যমে নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রকল্পের গুণগত মান বৃদ্ধি, সময়মতো কাজ সম্পন্ন এবং সরকারি অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।