বাসস
  ২৪ মে ২০২৬, ১৩:৩২

বিএমইউ’তে ঈদের জামাত সকাল ৭টায়, বহির্বিভাগ খোলা ২৭ ও ৩০ মে

ঢাকা, ২৪ মে, ২০২৬ (বাসস) : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার দিন সকাল ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

আজ (রোববার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান বিএমইউ’র কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুফতী আব্দুল আহাদ। ধর্মপ্রাণ মুসল্লিদের যথাযথ সময়ে উপস্থিত হয়ে ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন তারা।

বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোস্তফা কামাল স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, রোগীদের সুবিধার্থে বিএমইউর বহির্বিভাগ আগামী ২৭ মে (বুধবার) এবং ৩০ মে (শনিবার) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। ২৭ ও ৩০ মে বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম সফল করার জন্য বিএমইউর পরিচালক হাসপাতাল ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমানকে বিএমইউর প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বিএমইউ বন্ধ থাকবে। তবে এই সময়ে প্রচলিত নিয়মে ইনডোর ও জরুরি বিভাগসমূহ খোলা থাকবে।

পবিত্র ঈদুল আযহা ছুটি শেষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আগামী ১ জুন সোমবার সম্পূর্ণভাবে খুলবে এবং একইদিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত বিএমইউ’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হবে।