বাসস
  ২০ মে ২০২৬, ০৯:৪৪
আপডেট : ২০ মে ২০২৬, ১১:২৬

ময়মনসিংহে মেধার ভিত্তিতে পুলিশে চাকরি পেল ৯৬ তরুণ-তরুণী

ময়মনসিংহে শতভাগ স্বচ্ছতায় যোগ্যতা ও মেধা যাচাইয়ের মাধ্যমে জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৯৬ তরুণ-তরুণী। ছবি: বাসস

ময়মনসিংহ, ২০ মে, ২০২৬ (বাসস) : ময়মনসিংহে শতভাগ স্বচ্ছতায় যোগ্যতা ও মেধা যাচাইয়ের মাধ্যমে জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৯৬ তরুণ-তরুণী। এতে ১৩ জন তরুণী এবং ১ জন আদিবাসী রয়েছে। এ নিয়ে চাকরি প্রাপ্তদের পরিবারগুলোতে আনন্দের বন্য বইছে।

গতকাল সন্ধ্যায় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বাসস’কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে গতকাল ১৮ মে গভীররাত পর্যন্ত ময়মনসিংহ পুলিশ লাইন্সে যথাযথ নিয়োগ কার্যক্রমের মধ্যদিয়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফলাফল ঘোষণার প্রক্রিয়া চূড়ান্ত হয়।

জেলা পুলিশ সূত্র জানায়, সম্প্রতি টিআরসি পদে বিজ্ঞপ্তি আহ্বান করা হলে জেলার মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী আবেদন করে। এরপর শারীরিক সক্ষমতা যাছাইয়ের মধ্যদিয়ে ৭২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়। এরমধ্যে লিখিত পরীক্ষায় ১৫৪ জন উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় ৯৬ জন প্রার্থীর নিয়োগ চূড়ান্ত হয়। 

এসময় জেলা পুলিশের পক্ষ থেকে উত্তীর্ণ প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

তিন সদস্য বিশিষ্ট এই নিয়োগ কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। কমিটির অন্য দুই সদস্যরা হলেন- জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন এবং জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম।

এ বিষয়ে এসপি মোহাম্মদ কামরুল হাসান বাসস’কে বলেন, শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণপূর্বক শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রার্থী নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে যোগ্য এবং মেধাবীরা মনোনীত হয়েছেন বলে আমার বিশ্বাস।