শিরোনাম

ময়মনসিংহ, ১৯ মে, ২০২৬, (বাসস): আগামী ২৩ মে প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশালে আগমন করবেন বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য (এমপি) ডা: মাহবুবুর রহমান লিটন।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর ত্রিশালে আগমন উপলক্ষে ত্রিশালবাসীর আগামীর স্বপ্ন পূরণে আরেক ধাপ এগিয়ে যাবে।
ইতোমধ্যে ত্রিশালবাসী তাকে বরণ করে নিতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। আশা করছি প্রধানমন্ত্রী আমাদের প্রত্যাশা পুরণের পাশাপাশি ত্রিশালের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবেন।
আজ মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল একাডেমির মাঠ পরিদর্শন শেষে স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন সাংবাদিকদের এসব কথা বলেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবার জাতীয় পর্যায়ে উদযাপিত হতে যাচ্ছে কবির স্মৃতি বিজড়িত এলাকা ময়মনসিংহের ত্রিশালে।
এ উপলক্ষে আগামী ২৩ মে তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের মূল অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠ ও নজরুল মঞ্চ পরিদর্শনে করেন সংসদ সদস্য ডা. লিটন।
এ সময় তার সঙ্গে ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) সাইফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুঁইয়াসহ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে আগামী ২৩ মে'র অনুষ্ঠানমঞ্চে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী ত্রিশালের বইলর কানহর ধরার খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।
এরপর তিনি মূল অনুষ্ঠানস্থলে এসে কবির জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা ও নজরুল বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।
এ ছাড়াও সফরকালে তিনি ময়মনসিংহের তিনটি ইউনিটের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন বলেও জানিয়েছে আয়োজক সূত্র।
প্রসঙ্গত, জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশালে জাতীয় পর্যায়ের এই আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
অনুষ্ঠানটি সফল ও নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ও সব ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।