শিরোনাম

নাটোর, ১৯ মে ২০২৬ (বাসস): জেলার বড়াইগ্রাম উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে আরাফাত রহমান (১১) ও মোহাম্মদ আলী (১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো- জেলার বড়াইগ্রাম উপজেলার পূর্ণকলস গ্রামের মিন্টু মিয়ার ছেলে আরাফাত রহমান (১১) এবং রাজু আহম্মেদের ছেলে মোহাম্মদ আলী (১০)। তারা দু’জনেই স্থানীয় পূর্ণকলস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
গোপালপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য বেলাল হোসেন জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে দুই শিশু আরাফাত রহমান ও মোহাম্মদ আলী বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় তারা পুকুরে কলাগাছ নিয়ে খেলা করছিল। দীর্ঘ সময় অতিক্রান্তের পরেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সন্ধান চালিয়ে পানির নীচ থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে। পরে দ্রুত স্থানীয় বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।