শিরোনাম

ঢাকা, ১৩ মে, ২০২৬ (বাসস) : লোকগানের শিল্পী আবদুর রহমান বয়াতি, ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদ, মুর্শিদি গানের শিল্পী আব্দুল আলীম, কবিয়াল রমেশ শীল ও সুরকার আবু বকর সিদ্দিক- এই পাঁচ গুণী ব্যক্তিত্বকে স্মরণ করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ।
জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের অংশ হিসেবে ২০ মে পর্যন্ত ১০ দিনব্যাপী এই আয়োজনে স্মরণ করা হবে ৪৫ গুণীজনকে।
আজ জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (শিল্পকলা) মোহা. হারুন-অর-রশীদ।
আবদুর রহমান বয়াতি ছিলেন বাংলাদেশের একজন প্রসিদ্ধ লোকসঙ্গীত শিল্পী। একাধারে অসংখ্য জনপ্রিয় লোকগানের শিল্পী, গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালকও ছিলেন তিনি। শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আলম বয়াতী। এতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী স্বাগত বক্তৃতা করেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী আলম দেওয়ান ও শিল্পী সরদার হীরক রাজা।
পরে, ভাওয়াইয়া সম্রাট ও লোক সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক ও সুরকার আব্বাসউদ্দীন আহমদ-কে স্মরণ করা হয়। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী বিমান চন্দ্র বিশ্বাস ও শিল্পী শারমিন আক্তার শাওন।
দেশের লোকসংগীতের কিংবদন্তি শিল্পী, ভাটিয়ালি, মুর্শিদি ও দেহতত্ত্ব গানের শিল্পী আব্দুল আলীমকে স্মরণ করা হয়। সংগীতশিল্পী জহির আলীম অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী জহির আলীম ও শিল্পী সুচিত্রা সূত্রধর।
অবিভক্ত বাংলার কবিগানের অন্যতম রূপকার কবিয়াল রমেশ শীল-কে স্মরণ করা হয় । অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আবু বকর সিদ্দিক।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী তৌহিদুল আলম প্রতীক ও আবিদা সুলতানা সেতু। ঐতিহ্যগতভাবে কবিগানের প্রধান বিষয় পৌরাণিক হলেও রমেশ শীল সমকালের নানা ঘটনা এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যাকে গানের বিষয়বস্তু করেছেন।
দিনের শেষ অনুষ্ঠানে স্মরণ করা হয় ভাষা আন্দোলনের বিখ্যাত গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’-র প্রথম সুরকার আব্দুল লতিফ-কে। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী আবু বকর সিদ্দিক ও শিল্পী রাফি তালুকদার।