বাসস
  ১২ মে ২০২৬, ১৬:৩৮

যাত্রাবাড়ী থেকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার ৫

ঢাকা, ১২ মে, ২০২৬ (বাসস) :  রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, গুলি, গান পাউডার, হাত বোমা ও মোটরসাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের অভিযুক্ত পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলোÑ মো. লিটন জব্বার (৫২), ইসমাইল হোসেন মামুন (৫৫), মো. বাবুল বাবু (৪৫), আইয়ুব ভুঁইয়া (৩০) ও মো. রোমান (৩৫)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন  এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেল ৪টা ৫০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জ থেকে যাত্রাবাড়ী যাওয়ার পথে শহীদ ফারুক সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি-ওয়ারী সূত্রে জানা যায়, এদিন গোপন সংবাদের ভিত্তিতে শহীদ ফারুক সড়কের মডার্ন বিকল্প উডেন ফার্নিচার দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। 

এসময় তাদের হেফাজত হতে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি, ২ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক, ১টি চাপাতি ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে যশোর জেলার সীমান্ত এলাকা থেকে অস্ত্র, গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহ করে হাতবোমা তৈরি করতো। পরবর্তীতে তা ঢাকা শহরে এনে বিভিন্ন সন্ত্রাসী দলের কাছে বিক্রয় করতো এবং অস্ত্র ও বোমা ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতি করে আসছিল।

তারা আরো জানিয়েছে, গ্রেফতারের সময় তারা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দু’টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।