বাসস
  ১১ মে ২০২৬, ২১:৪৩

ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

ছবি : বাসস

ঢাকা,  ১১ মে, ২০২৬ (বাসস): তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আজ একটি বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে ১৭টি ড্রেজার মেশিন বিকল করে দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের কাচারি ঘাট থেকে রহমতপুর ব্রিজ এলাকা পর্যন্ত এ অভিযান চালানো হয়। ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বাসসকে এ কথা জানান।

অভিযান পরিচালনা করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ও ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম। অভিযানে জেলা পুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রতিনিধিগণ সার্বিক সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্রহ্মপুত্র নদের তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী তীরের পরিবেশ ও সরকারি স্থাপনা হুমকির মুখে পড়ার খবর প্রকাশিত হলে তা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নজরে আসে। পরে তিনি অভিযান পরিচালনার নির্দেশনা দেন। অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১৭টি ড্রেজার মেশিনের যান্ত্রিক অংশ ধ্বংস করে সেগুলো স্থায়ীভাবে বিকল করে দেওয়া হয়।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ময়মনসিংহ শহর সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দীর্ঘদিন ধরে একটি চক্র ব্রহ্মপুত্রের বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে নদের তীরের ভাঙন ঝুঁকি বাড়ছিল। আজকের এই অভিযানের ফলে নদ ভাঙনকবলিত এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।