শিরোনাম

ঢাকা, ১১ মে, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শহীদ এস এম শাহরিয়ার আলম সাম্যর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
আজ ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই কর্মসূচির অনুমোদন দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বুধবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) স্মরণসভা হবে। এছাড়া, একই দিন বাদ মাগরিব স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের উদ্যোগে হল জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
কর্মসূচির দ্বিতীয় দিন বৃহস্পতিবার শহীদ শাহরিয়ার আলম সাম্য হত্যাকা-ের ঘটনায় দায়েরকৃত মামলার দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল বরাবর স্মারকলিপি দেবেন ছাত্রদলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ মে দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের হয়।