বাসস
  ১১ মে ২০২৬, ১৭:২৭

হামের উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

ঢাকা, ১১ মে, ২০২৬ (বাসস) : হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ছয়জন শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের মধ্যে কারো হাম শনাক্ত হয়নি। হামের উপসর্গে ঢাকায় ৩, চট্টগ্রামে ২ ও ময়মনসিংহে ১ জন শিশু মারা গেছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৪১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫০ হাজার ৫০০ জন।

সংবাদ বিজ্ঞপ্তিটি বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ঢাকা বিভাগে ৫৬৫ জন, রাজশাহী বিভাগে ১৭৫ জন, রবিশাল বিভাগে ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, সিলেট বিভাগে ৬৬ জন, খুলনা বিভাগে ৯৭ জন এবং রংপুর বিভাগে ২৭ জন। 

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১৮ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬ হাজার ৯৩৭ জন।

১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত হাম রোগে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৯৯২ জন।

এ পর্যন্ত নিশ্চিত হামে ৬৫ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে ছয়জনসহ এখন পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে ৩৫০ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত ঢাকা বিভাগে হাম আক্রান্ত হিসেবে সন্দেহভাজন রোগী ২২ হাজার ৭৬৯ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭২০ জন।