বাসস
  ১০ মে ২০২৬, ২২:৩২

কবিগুরুর আঁকা চিত্রকর্ম নিয়ে ‘রবীর চিত্র, চিত্রের রবী’ প্রদর্শনী শুরু

ঢাকা, ১০ মে, ২০২৬ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 'রবীর চিত্র, চিত্রে রবী’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী শুরু হয়েছে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের আঁকা চিত্রকর্ম এবং কবিগুরুকে নিয়ে বিভিন্ন সময় দেশের স্বনামধন্য চারুশিল্পীদের আঁকা চিত্রকর্ম নিয়ে শিল্পকলা একাডেমিতে আজ শুরু হওয়া এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারি-২ এ চারুকলা বিভাগের আয়োজনে একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় ১৪ দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ২৩ মে পর্যন্ত।

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘রবীন্দ্রনাথ যে বহুমুখী এবং বিচিত্র পথে চলাচল করেছেন, তাঁর প্রতিভার অন্যতম দিক এই চিত্রশিল্প বা চিত্রাঙ্কন। এতে চিত্রশিল্পী রবীন্দ্রনাথকে আরেক রূপে দেখা যাবে।