শিরোনাম

রাজশাহী, ১০ মে, ২০২৬ (বাসস) : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন।
আজ রোববার রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রধান কার্যালয়ের আয়োজনে সদ্য যোগদানকৃত চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
যোগদান উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সহায়তা নিয়ে এই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে এগিয়ে নিয়ে যেতে চাই।
হাসান জাফির তুহিন বলেন, প্রচেষ্টা থাকবে সরকারের সহায়তা নিয়ে এলাকার কৃষি ও কৃষকের স্বপ্ন পূরণ করা। কৃষকের মুখে হাসি ফোটাতে পারলে বাংলাদেশ হাসবে। এ জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিএমডিএ পরিচালনা পর্ষদের সদস্য মো. জাফুরুল্লাহ, মো. সাইফুল ইসলাম হিরোক ও বদরুল লাইলি।
গত ৫ মে সরকার কৃষিবিদ মো. হাসান জাফির তুহিনকে এক বছর মেয়াদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করে।