বাসস
  ১০ মে ২০২৬, ১৭:৪৭
আপডেট : ১০ মে ২০২৬, ১৭:৫৬

মায়ের কাছে আছে অফুরান প্রশান্তির অনন্ত ঠিকানা : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ছবি : মন্ত্রীর ফেসবুক

ঢাকা, ১০ মে, ২০২৬ (বাসস) :  ‘মা’ ছোট্ট একটি শব্দ, অথচ এর গভীরতা অসীম। পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে মা হচ্ছেন আশ্রয়, ভালোবাসা, সাহস ও নির্ভরতার সবচেয়ে বড় নাম। বিশ্ব মা দিবস উপলক্ষ্যে এমনই আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিশেষ ছবি এবং ভিডিও বার্তায় তিনি মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও আত্মিক নির্ভরতার কথা তুলে ধরেছেন, যা ইতোমধ্যে অনেক মানুষের হৃদয় ছুঁয়েছে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, সাদা শাড়ি পরিহিত বৃদ্ধা মাকে গভীর মমতায় জড়িয়ে ধরে আছেন প্রতিমন্ত্রী।

মায়ের মাথায় হাত রেখে তিনি যেন প্রকাশ করেছেন নিঃশব্দ এক ভালোবাসা ও শ্রদ্ধার ভাষা। ছবির আবেগঘন পরিবেশের সঙ্গে যুক্ত হয়েছে তার হৃদয়ছোঁয়া বক্তব্য।

প্রতিমন্ত্রী তার বার্তায় লিখেছেন, মা শব্দটাই হচ্ছে প্রতিটি ব্যক্তির কাছে একটি শ্রদ্ধার জায়গা, ভালোবাসার একটি জায়গা।

আমরা যখন নিজেদেরকে মনে করি যে, কোথাও আমাদের আশ্রয় হচ্ছে না। তখন মনে করিÑ মায়ের কাছে ছুটে গেলে সেখানে একটি প্রশান্তির জায়গা আছে।

সুতরাং মা দিবসে সকল মায়ের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা।

বিশ্ব মা দিবস প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয়। দিনটি শুধু আনুষ্ঠানিক উদযাপনের নয়, বরং মায়ের ত্যাগ, ভালোবাসা ও অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ উপলক্ষ।

সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ দিনে মায়ের প্রতি শ্রদ্ধা জানালেও জননেতাদের আবেগঘন বার্তা সাধারণ মানুষের মনেও বিশেষ প্রভাব ফেলে।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে তার পোস্টে মন্তব্য করে নিজেদের মায়ের প্রতি ভালোবাসা ও স্মৃতিচারণ করেছেন।

একজন লিখেছেন, মা পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। আরেকজন বলেছেন, মায়ের দোয়া ছাড়া জীবনে শান্তি পাওয়া যায় না। অনেকেই প্রতিমন্ত্রীর বক্তব্যকে আন্তরিক ও হৃদয়স্পর্শী হিসেবে উল্লেখ করেছেন।