বাসস
  ১০ মে ২০২৬, ১৩:৫৪

উত্তরায় সড়ক দুর্ঘটনায় সোয়েটার কারখানার শ্রমিকের মৃত্যু

ঢাকা, ১০ মে, ২০২৬ (বাসস): রাজধানীর উত্তরায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নূরে আলম নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার গভীর রাতে এপিবিএন পুলিশ সদরদপ্তরের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নূরে আলম মাদারীপুর জেলার শিবচর উপজেলার ইরফান মোল্লার ছেলে। সে সোয়েটার কারখানার শ্রমিক হিসেবে কাজ করত এবং উত্তরায় একটি ভাড়া বাড়িতে থাকত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার গভীর রাতে গুরুতর আহত ওই যুবককে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত ৩টা ৪৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানায়, কাজ থেকে বাড়ি ফেরার পথে একটি বেপরোয়া গাড়ি নূরে আলমকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা নূরে আলমের মোবাইল ফোনের মাধ্যমে তাদের খবর দেয়।

ডিএমসিএইচ পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।