বাসস
  ১০ মে ২০২৬, ১৩:৪৩

সমাজ ও মানুষের গল্পই সংবাদকে জীবন্ত করে তোলে : ফারুক ওয়াসিফ

আজ সকালে কক্সবাজারে অরুণোদয় স্কুল মিলনায়তনে আয়োজিত তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পিআইবি-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। ছবি : বাসস

কক্সবাজার, ১০ মে, ২০২৬, (বাসস): প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, বর্তমানে পুরো বিশ্বই মাল্টিমিডিয়া নির্ভর হয়ে উঠেছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে সাংবাদিকদেরও নিজেদের দক্ষতা বাড়াতে হবে। অন্যথায় প্রতিযোগিতার দৌঁড়ে পিছিয়ে পড়তে হবে।

তিনি বলেন, পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক সাংবাদিকতায় মাল্টিমিডিয়া টুলসের ব্যবহার এখন অপরিহার্য। সাংবাদিকদের প্রযুক্তিনির্ভর ও দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ রোববার সকালে কক্সবাজার শহরের অরুণোদয় স্কুল মিলনায়তনে আয়োজিত তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহায়তায়  কর্মশালাটির আয়োজন করে পিআইবি।

ফারুক ওয়াসিফ বলেন, আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে অসংখ্য তথ্য প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। কিন্তু সব তথ্য সংবাদ নয়। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করলে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়। যে তথ্য জনস্বার্থে গুরুত্বপূর্ণ এবং যাচাইকৃত, সেটিই প্রকৃত সংবাদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউনির্ভর সাংবাদিকতার সমালোচনা করে তিনি বলেন, ভিউ ব্যবসা বেশিদিন টিকে না। যারা একসময় ফ্যাসিবাদের দালালি করে রঙচঙে সংবাদ পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, আজ তারা কোথায়?

তিনি বলেন, ফ্যাসিবাদের দালালি করে, চাঁদাবাজি করে বড় সাংবাদিক হওয়া গেলেও জাতির আস্থা অর্জন করা যায় না। সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে মানুষের বিশ্বাস ও গ্রহণযোগ্যতা।

ফারুক ওয়াসিফ বলেন, সংবাদপত্র হচ্ছে জাতীয় জীবনের দর্পণ। একজন সাংবাদিকের লেখা শুধু দেশের মানুষই নয়, তার নিজের পরিবারের সদস্যরাও পড়েন। তাই সাংবাদিকদের দায়িত্বশীলতা, সত্যনিষ্ঠা ও পেশাগত সততা বজায় রাখা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, সংবাদকে মানুষের কাছে আকর্ষণীয় করে তুলতে গল্প বলার কৌশল জানতে হবে। মানুষ গল্প শুনতে ভালোবাসে। তাই সংবাদকে ধাপে ধাপে উপস্থাপন করতে পারলে পাঠক ও দর্শক মনোযোগ দিয়ে তা গ্রহণ করে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে পিআইবি মহাপরিচালক বলেন, একজন ভালো সাংবাদিক হতে হলে অদম্য আগ্রহ থাকতে হবে। নিয়মিত পত্রিকা পড়তে হবে, ভালো লেখাগুলো বিশ্লেষণ করতে হবে, প্রচুর পড়াশোনা ও পরিশ্রম করতে হবে। এআই যুগে পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে না পারলে ছিটকে পড়তে হবে।

তিনি বলেন, সমাজ ও মানুষের গল্পই সংবাদকে জীবন্ত করে তোলে। তথ্যগত ভুল ও বাস্তবতা বিবর্জিত সংবাদ দিয়ে মানুষকে বেশিদিন আকৃষ্ট করা যায় না। একসময় পাঠক সেসব সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়ে নেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক শারেক, এনটিভি প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু এবং বাংলাভিশন প্রতিনিধি মুর্শেদুর রহমান খোকন।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয় করেন পিআইবির প্রশিক্ষণ কর্মকর্তা জিলহাজ উদ্দিন নিপুন।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে কক্সবাজারের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকরা অংশগ্রহণ করছেন।
 
প্রশিক্ষণ সেশনে মোবাইল জার্নালিজম, ভিডিও এডিটিং, ডিজিটাল স্টোরিটেলিং এবং অনলাইন নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো হাতে-কলমে শেখানো হচ্ছে।