শিরোনাম

ঢাকা, ১০ মে, ২০২৬ (বাসস) : আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো- একজন সভাপতি, দুজন সহ-সভাপতি, একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, দুজন সহ-সম্পাদক এবং সাতজন সদস্য।
তফসিল অনুযায়ী, গত ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয় এবং ওই দিনই বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
সুপ্রিম কোর্ট বার-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৬-২০২৭) উপলক্ষে প্রার্থীদের পরিচিতি সভা আগামীকাল (সোমবার) বিকেল সাড়ে ৪টায় সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতি পদপ্রার্থীরা প্রত্যেকে ১২ মিনিট, সহ-সভাপতি পদপ্রার্থীরা ৫ মিনিট এবং সম্পাদক পদপ্রার্থীরা ১০ মিনিট করে বক্তব্য রাখতে পারবেন।
এছাড়া, কোষাধ্যক্ষ পদপ্রার্থীরা ৩ মিনিট এবং সহ-সম্পাদক ও সদস্য পদপ্রার্থীরা প্রত্যেকে ২ মিনিটের মধ্যে নিজেদের পরিচিতি তুলে ধরবেন।
নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী এক বিজ্ঞপ্তিতে, প্রার্থী পরিচিতি সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সব পদপ্রার্থী ও সমিতির সদস্যদের অনুরোধ জানান।