বাসস
  ০৯ মে ২০২৬, ২৩:০৫
আপডেট : ০৯ মে ২০২৬, ২৩:১১

তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে মূল্যবৃদ্ধির দাবি তরুণ চিকিৎসকদের

ছবি : ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ

ঢাকা, ৯ মে, ২০২৬ (বাসস) : তরুণ জনগোষ্ঠীকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে আসন্ন জাতীয় বাজেটে তামাকপণ্যের কার্যকর মূল্যবৃদ্ধির দাবি জানিয়েছেন তরুণ চিকিৎসকরা।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত ‘তরুণদের তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তামাকপণ্যের কার্যকর মূল্যবৃদ্ধির দাবি’ শীর্ষক এক মানববন্ধনে এই দাবি জানান তারা। 

তরুণ চিকিৎসকরা বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে তামাক ব্যবহারের হার সর্বোচ্চ (৩৫.৩ শতাংশ, গ্যাটস ২০১৭)। তামাকজনিত রোগে দেশে প্রতিবছর প্রায় ২ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে। 

তরুণ চিকিৎসকরা আরও বলেন, বাজারে সস্তা ও সহজলভ্য সিগারেট থাকায় তরুণদের মধ্যে তামাক ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তামাক ব্যবহার কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো তামাকপণ্যের মূল্য বৃদ্ধি করা। 

মানববন্ধনে প্ল্যাটফর্ম ডক্টরস ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. রামিসা ফারিহা বলেন, দেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ তরুণ। এই তরুণ জনগোষ্ঠীকে তামাকের ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা করতে তামাকপণ্যের দাম কার্যকরভাবে বাড়ানো প্রয়োজন। 

তামাকপণ্যের দাম বৃদ্ধি পেলে তরুণদের মধ্যে তামাক ব্যবহার শুরু নিরুৎসাহিত হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ইবনে সিনা মেডিকেল কলেজের ইন্টার্নি চিকিৎসক ডা. তাওহিদুল ইসলাম, ডা. মেহনাজ তামান্না, ডা. শরীফ, ডা. শামীম, ডা. প্রভাত, ডা. সাফিন, ডা. জুহা, ডা. মুন্না, ডা. অমৃতাসহ অন্যরা। 

মানববন্ধনে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত তরুণ চিকিৎসকরা অংশ নেন।