শিরোনাম

লালমনিরহাট, ৯ মে, ২০২৬ (বাসস) : জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। অনুপ্রবেশ, পুশ-ইন এবং চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা।
শনিবার তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দায়িত্বপূর্ণ সব সীমান্তে দিন-রাত নিরবচ্ছিন্ন টহল পরিচালনা করা হচ্ছে। প্রতিটি বিওপি থেকে বাড়ানো হয়েছে নজরদারি কার্যক্রম। একই সঙ্গে সীমান্তে অনুপ্রবেশ বা ‘পুশ-ইন’ ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।
এছাড়া মাদক পাচার, গরু চোরাচালান ও মানবপাচারের মতো অপরাধ নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করছেন বলে জানানো হয়।
তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বাসস’কে বলেন, ‘চোরাচালান প্রতিরোধ এবং অনুপ্রবেশ রোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় সজাগ রয়েছে।’
তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কার্যক্রমও চলমান রয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের চলাচলের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে বলেও জানান তিনি।