শিরোনাম

ঢাকা, ৯ মে, ২০২৬ (বাসস) : জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেছেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন ও উদ্ভাবনী উদ্যোগের পাশাপাশি জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
আজ রাজধানীতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) আয়োজনে ‘ফিউচার অব এনার্জি ইন বাংলাদেশ : সিকিউরিটি, সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকসের লিড অ্যানালিস্ট শফিকুল আলম।
ড. হোসেন জিল্লুর রহমান বলেন, সৌরবিদ্যুৎ জ্বালানি সংকটের একটি কার্যকর সমাধান হতে পারে। একই সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে জ্বালানি খাতে একটি মনিটরিং সেল গঠনেরও প্রস্তাব দেন তিনি।
অনুষ্ঠানে আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, দেশে প্রতিবছর প্রায় ১০০ এমএমসিএফ গ্যাস উত্তোলন কমছে। সরকার এলএনজি আমদানির মাধ্যমে সেই ঘাটতি পূরণের চেষ্টা করছে। শিল্প ও কর্মসংস্থান টিকিয়ে রাখতে জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা পরিষদের সদস্য (অতিরিক্ত সচিব) ড. মো. রফিকুল ইসলাম, সাবেক সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, বিআইপিপিএ সভাপতি ডেভিড হাসানাত, বিসিএমইএ সভাপতি মঈনুল ইসলাম স্বপন, বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান এবং বিএসআরইএ সভাপতি মোস্তফা আল মাহমুদ।