শিরোনাম

চট্টগ্রাম, ৯ মে, ২০২৬ (বাসস) : ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মূল শক্তি হচ্ছে মানবতা, সহমর্মিতা ও স্বেচ্ছাসেবার চেতনা।
তিনি বলেন, ‘মানবতার সেবায় চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল অনন্য ভূমিকা রেখে চলেছে।’
আজ শনিবার বিশ্ব রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম আন্দরকিল্লাস্থ জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপার্সন মোহাম্মদ আছিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
ভূমি প্রতিমন্ত্রী নার্সদের আন্তরিকতা, ত্যাগ ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা এবং স্বাস্থ্যখাতে তাঁদের অবদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণের কল্যাণে স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রমে নানা সময় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এবং মানবিক রাজনীতির ধারণাকে এগিয়ে নিয়েছেন।
মোহাম্মদ আবু সুফিয়ান এমপি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে রেড ক্রিসেন্টের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। তিনি তরুণ সমাজকে মানবিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সেক্রেটারি আব্দুল আউয়াল চৌধুরী, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য রায়হানুল আনোয়ার রাহী ও জাহাঙ্গীর আলম বাবর প্রমুখ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।