বাসস
  ০৯ মে ২০২৬, ১৮:২১

পুলিশ সপ্তাহে একাধিক প্রস্তাব উত্থাপন করবে পুলিশ

ঢাকা, ৯ মে, ২০২৬ (বাসস) : দেশের বিভিন্ন স্থানে জননিরাপত্তা জোরদার, সাইবার অপরাধ প্রতিরোধ, পেশাগত গতিশীলতা বৃদ্ধি এবং কার্যক্রমের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আসন্ন জাতীয় পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একাধিক কাঠামোগত সংস্কার প্রস্তাব উপস্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

পুলিশ সদরদপ্তরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় পুলিশ সপ্তাহ ২০২৬ আগামী ১০ মে থেকে ১৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সময় ও ব্যাচভিত্তিক পদোন্নতি

প্রধান প্রস্তাবগুলোর একটি হলো পুলিশ কর্মকর্তাদের জন্য সময় ও ব্যাচভিত্তিক পদোন্নতি ব্যবস্থা চালু করা, যাতে বিভিন্ন বিসিএস পুলিশ ব্যাচের মধ্যে পেশাগত অগ্রগতি নিশ্চিত এবং অসন্তোষ কমানো যায়।

পুলিশ কর্মকর্তারা জানান, উচ্চপদে পর্যাপ্ত পদ না থাকায় পদোন্নতিতে দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে, যা প্রশাসনিক স্থবিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রস্তাব অনুযায়ী, সহকারী পুলিশ সুপারদের (এএসপি) জন্য একটি নির্ধারিত পদোন্নতি কাঠামো থাকবে। এতে চাকরির ৫ বছর পর অতিরিক্ত পুলিশ সুপার, ১০ বছর পর পুলিশ সুপার (গ্রেড-৫), ১৪ বছর পর অতিরিক্ত ডিআইজি, ১৮ বছর পর ডিআইজি এবং ২০ বছর পর অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতির সুযোগ থাকবে, যা অন্যান্য সরকারি ক্যাডারের অনুরূপ।

কর্মকর্তারা জানান, ৩০তম পুলিশ ব্যাচের ১৮১ সদস্য আগামী জুনে চাকরির ১৫ বছর পূর্ণ করবেন। অন্যদিকে ৩১তম ব্যাচের ১৮২ সদস্য ইতোমধ্যে ১৪ বছর পূর্ণ করেছেন। কিন্তু তাদের অনেকে এখনো অন্য ক্যাডারের কর্মকর্তাদের মতো পদোন্নতি পাননি।

পদোন্নতির জট নিরসনে এসপি ও তদূর্ধ্ব পদে সুপারনিউমারারি (অতিরিক্ত সৃষ্ট) পদ তৈরির প্রস্তাবও রাখা হয়েছে।

পৃথক সাইবার পুলিশ ইউনিট

ক্রমবর্ধমান সাইবার অপরাধ, অনলাইন জালিয়াতি, সাইবার বুলিং, ডিজিটাল চাঁদাবাজি, হ্যাকিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রচারণা মোকাবেলায় একটি বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবার বিস্তারের সঙ্গে সাইবার অপরাধও আশঙ্কাজনক হারে বেড়েছে।

১০ থেকে ১৭ বছর বয়সী কিশোরীরা সাইবার বুলিং ও অনলাইন হয়রানির সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিকারদের মধ্যে রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মোট ৪ হাজার ৭৯৪টি মামলা দায়ের হয়েছে।

তদন্তসংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল আলামতের অভাব ও প্রযুক্তিগত দক্ষতার সীমাবদ্ধতা তদন্তে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই পৃথক সাইবার পুলিশ কাঠামোর দাবি উঠেছে।

নতুন দুটি পুলিশ ট্রেনিং সেন্টারের দাবি

বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর বাড়তি প্রশিক্ষণ চাপ মোকাবিলায় হবিগঞ্জ ও বরিশালে দুটি নতুন পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে।

বর্তমানে দেশে টাঙ্গাইল, নোয়াখালী, রংপুর ও খুলনায় মাত্র চারটি পিটিসি রয়েছে। এগুলো প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালে, যখন পুলিশ বাহিনীর জনবল ছিল ৭৯ হাজার ৪৫৬ জন। বর্তমানে বাহিনীতে সদস্যসংখ্যা ২ লাখ ৭ হাজারের বেশি।

কর্মকর্তারা জানান, কনস্টেবল থেকে পরিদর্শক পদ পর্যন্ত পদোন্নতির জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণের কারণে বিদ্যমান প্রশিক্ষণকেন্দ্রগুলোতে তীব্র চাপ সৃষ্টি হয়েছে। তাই নতুন পিটিসি স্থাপন জরুরি হয়ে পড়েছে।

ময়মনসিংহ মেট্রোপলিটন পুলিশ গঠনের প্রস্তাব

দ্রুত সম্প্রসারিত ময়মনসিংহ অঞ্চলে নগর নিরাপত্তা জোরদারে ময়মনসিংহ মেট্রোপলিটন পুলিশ গঠনের প্রস্তাবও দিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানান, ক্রমবর্ধমান জনসংখ্যা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘিরে শিল্প সম্প্রসারণ, শ্রম অসন্তোষ এবং বাড়তে থাকা যানজট মোকাবেলায় অন্যান্য বিভাগীয় শহরের মতো পৃথক মহানগর পুলিশ কাঠামো প্রয়োজন।

পরিবেশ পুলিশ ইউনিট

নদী দখল, অবৈধ বালু উত্তোলন, বন উজাড়, পাহাড় কাটা, ইটভাটার দূষণ এবং কৃষিজমির উপরিভাগের মাটি ধ্বংসসহ পরিবেশবিষয়ক অপরাধ মোকাবিলায় বিশেষায়িত পরিবেশ পুলিশ ইউনিট গঠনের প্রস্তাবও রাখা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা মনে করছেন, প্রস্তাবিত ইউনিটটি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন আরও কার্যকরভাবে বাস্তবায়নে সহায়ক হবে এবং জলবায়ুজনিত পরিবেশ বিপর্যয় মোকাবিলায় ভূমিকা রাখবে।

রংপুরে এপিবিএন ইউনিট 

প্রস্তাবগুলোর মধ্যে রংপুরে নতুন একটি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) গঠনের বিষয়ও রয়েছে। এর লক্ষ্য উত্তরাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার এবং ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও দিনাজপুরসহ বিভিন্ন জেলায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ করা।

অনুমোদন পেলে প্রস্তাবিত ‘১৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, রংপুর’ বৃহত্তর রংপুর অঞ্চলের প্রথম নিবেদিত এপিবিএন ইউনিট হবে।