বাসস
  ০৮ মে ২০২৬, ২২:৫৯

পতেঙ্গায় প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ১৫০০ লিটার ভোজ্য তেল জব্দ

ঢাকা, ৮ মে ২০২৬ (বাসস) : চট্টগ্রামের পতেঙ্গায় শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে ঘাটে তোলার সময় প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫০০ লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোস্ট গার্ড। 

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। 

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা থানার চড়পাড়া ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানে জাহাজ থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে খালাসকৃত প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫০০ লিটার ভোজ্য তেল (পাম ওয়েল) অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে ঘাটে তোলার সময় জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ভোজ্য তেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।