বাসস
  ০৮ মে ২০২৬, ১২:৫২

মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাতদলের ৪ সদস্য আটক

ঢাকা, ৮ মে, ২০২৬ (বাসস): কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত ফজল কাদের বাহিনীর চার সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। 

আজ (শুক্রবার) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর সদস্যরা মহেশখালীর ধলঘাটা নাছিরডেল সংলগ্ন এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতদলের চার সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটক ডাকাত সদস্যরা কক্সবাজার জেলার মহেশখালী থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ফজল কাদের বাহিনীর সদস্য হিসেবে ডাকাতি করে আসছিল। 

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।