বাসস
  ০৮ মে ২০২৬, ১১:২৬

বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় যুক্ত হলো আরও ৮ এলাকা: স্থানীয়দের আনন্দ-উচ্ছ্বাস

ছবি: বিএনপির মিডিয়া সেল

ঢাকা, ৮ মে, ২০২৬ (বাসস) : বগুড়ার শিবগঞ্জ পৌরসভার পরিধি আরও সম্প্রসারিত হয়েছে।

গতকাল অনুষ্ঠিত নিকার বৈঠকে বগুড়া সিটি করপোরেশন ও মোকামতলা উপজেলাসহ পাঁচটি নতুন উপজেলা গঠনের পাশাপাশি ‘খ’ শ্রেণির শিবগঞ্জ পৌরসভায় নতুন করে আরও আটটি এলাকা অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদন করা হয়। এ সিদ্ধান্তে শিবগঞ্জ পৌরসভা এলাকায় আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলো হলো; পশ্চিম জাহাঙ্গীরাবাদ, জাহাঙ্গীরাবাদ, চাঁদনিয়া শিবগঞ্জ, উথলী, নারায়ণপুর, সন্ন্যাসী ধোন্দাকোলা মৌজা এবং আঁচলাই ও নাটমরিচাই মৌজার অবশিষ্ট অংশ।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, পৌরসভার পরিধি বৃদ্ধি পাওয়ায় নতুন যুক্ত হওয়া এলাকাগুলোতে নাগরিক সুবিধা, অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ, ড্রেনেজ, স্যানিটেশন ও পৌরসেবার সুযোগ আরও বাড়বে বলে স্থানীয়রা আশা করছেন।

তাদের মতে, পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে শিবগঞ্জ পৌরসভা উত্তরাঞ্চলের একটি আধুনিক ও উন্নত পৌর এলাকায় রূপ নেবে। নতুন যুক্ত এলাকাগুলোকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পুনর্বিন্যাস করা হবে বলেও জানানো হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, শিবগঞ্জ পৌরসভা সম্প্রসারণের বিষয়টি অনুমোদন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শিবগঞ্জ পৌরবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর মাধ্যমে শিবগঞ্জের সার্বিক উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হলো।

শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান বলেন, পৌরসভা সম্প্রসারণে তারা অত্যন্ত আনন্দিত। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে নতুন যুক্ত হওয়া এলাকার জনগণকে অভিনন্দন জানান।

নিকার বৈঠকে মোকামতলাকে নতুন উপজেলা এবং শিবগঞ্জ পৌরসভা সম্প্রসারণের সিদ্ধান্তকে বগুড়া-২ আসনের জনগণ যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন।