শিরোনাম

ঢাকা, ৭ জুন, ২০২৬ (বাসস): ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণের ষষ্ঠ দিন সম্পন্ন হয়েছে। সংগঠনের পাঁচ শতাধিক সদস্য হাতে-কলমে প্রশিক্ষণে অংশ নিয়ে এআই ব্যবহারের বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।
আগামীকাল শুক্রবার সমাপনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে এই বৃহৎ আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে।
ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে ‘এআই-পাওয়ার্ড জার্নালিজম: অপরচুনিটিজ, রিস্কস অ্যান্ড ডিজিটাল সিকিউরিটি’ শীর্ষক সপ্তাহব্যাপী কর্মশালা শুরু হয় গত শনিবার। এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ ও গেমপ্লিফাই-এর সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণের ষষ্ঠ দিনের কার্যক্রম বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
ষষ্ঠ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল গুগলের ‘নোটবুক এলএম’ টুল। প্রশিক্ষকরা দেখান, কীভাবে বড় আকারের অডিও, ভিডিও ও পিডিএফ ফাইল আপলোড করে দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য, বিশ্লেষণ এবং সংবাদ উপাদান বের করা যায়। বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতা ও ডেটা-নির্ভর প্রতিবেদনে এই টুলের কার্যকর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দিনব্যাপী সেশনে দীর্ঘ ও জটিল কনটেন্ট থেকে দ্রুত ইনসাইট বের করার কৌশল তুলে ধরা হয়। প্রশিক্ষকরা বলেন, সময় সাশ্রয়ের পাশাপাশি নির্ভুল তথ্য সংগ্রহ ও স্টোরি ডেভেলপমেন্টে এআই-ভিত্তিক টুল সাংবাদিকদের কাজকে আরও গতিশীল ও কার্যকর করে তুলতে পারে।
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ‘বর্তমান সময়ে সাংবাদিকতায় এআই শুধু একটি প্রযুক্তি নয়, এটি কাজের গতি, তথ্যের নির্ভুলতা ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। সংবাদ সংগ্রহ, যাচাই ও উপস্থাপনের প্রতিটি ধাপেই এখন এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই সাংবাদিকদের জন্য এআই বিষয়ে দক্ষতা অর্জন সময়ের দাবি।’
তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল বলেন, কর্মশালাটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং এতে অনেক সিনিয়র সাংবাদিকও অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সংবাদকর্মীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করাই ডিআরইউ’র প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
আয়োজকরা জানান, এআই ব্যবহারের নৈতিকতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিষয়গুলোও প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। প্রযুক্তিনির্ভর পরিবর্তিত মিডিয়া পরিবেশে সাংবাদিকদের আরও দক্ষ ও সক্ষম করে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাংগঠনিক সম্পাদক এমএম জসিম, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া এবং তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ উপ-কমিটির সদস্য সচিব আল আমিন আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার ৫০ জনের বেশি সংবাদকর্মী এই নিবিড় প্রশিক্ষণে অংশ নেন। আগামীকাল শুক্রবার কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।