শিরোনাম

কুমিল্লা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : সারা দেশের ন্যায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনেও শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। নির্ধারিত সময়েই দেশের বিভিন্ন কেন্দ্রের মতো বোর্ডের অধীন কেন্দ্রগুলোতেও প্রশ্নপত্র পৌঁছে দেয়া হয়েছে।
এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর-এই ছয় জেলার ২৭৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
প্রাপ্ত তথ্যে দেখা গেছে, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী ৮৭ হাজার ৯৭০ জন এবং ছাত্র ৫৮ হাজার ৮৪৭ জন।
সে হিসেবে ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা ২৯ হাজার ১২৩ জন বেশি।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামসুল ইসলাম বাসস’কে বলেন, দেশে মেয়েদের শিক্ষায় অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুধু অংশগ্রহণই নয়, বিভিন্ন ক্ষেত্রে তাদের সাফল্যের হারও ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এরই প্রতিফলন হিসেবে এবার পরীক্ষায় ছাত্রীর সংখ্যা তুলনামূলক বেশি।
তবে গত বছরের তুলনায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ২২ হাজার ৮৬৩ জন। বিভিন্ন কারণে এই সংখ্যা কমলেও পরীক্ষার্থীদের উপস্থিতি ও প্রস্তুতি সন্তোষজনক ।
তিনি আরো বলেন, নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বোর্ডের আওতাধীন ২৭৭টি কেন্দ্রকে সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে, যাতে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা যায়।
সংশ্লিষ্টরা আশা করছেন, সকল প্রতিকূলতা মোকাবিলা করে শিক্ষার্থীরা এবারও সাফল্যের সঙ্গে তাদের পরীক্ষা সম্পন্ন করতে পারবে।