শিরোনাম

চাঁদপুর, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ সকাল ১০টা থেকে শুরু হয়েছে। চলবে দুপুর ১টা পর্যন্ত। চাঁদপুরে এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ৩০ হাজার ৭৫৬ জন। এরমধ্যে এসএসসি পরীক্ষার্থী ২১ হাজার ৮০৭ জন, ভোকেশনাল ১৭৫৮ জন এবং দাখিল ৭১৯১ জন।
গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, জেলার ৮ উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্র ৪৫টি। দাখিল পরীক্ষার কেন্দ্র ১৯টি এবং ভোকেশনাল কেন্দ্র ১০টি।
উপজেলা ভিত্তিক চাঁদপুর সদরে এসএসসি পরীক্ষার্থী ৪৮৫১, দাখিল ৯৭৮ জন, ভোকেশনাল ২৬৬ জন। ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ২৯০৬ জন, দাখিল ১৫৯৯ জন, ভোকেশনাল ১৫৩ জন। হাইমচর উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ৫৭৩ জন, দাখিল ৩২১ জন ও ভোকেশনাল ১৬৮ জন। হাজীগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ২৯৮১ জন, দাখিল ১১৭১ জন, ভোকেশনাল ৪৫৪ জন। শাহরাস্তি উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ২৮৩৩ জন, দাখিল ৭৫৮ জন ও ভোকেশনাল ৬৫ জন। কচুয়া উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ৩১০৫ জন, দাখিল ১৩৫৫ জন ও ভোকেশনাল ২৩২ জন। মতলব উত্তর উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ২৭৩৩ জন, দাখিল ৪৭৪ জন ও ভোকেশনাল ২৩৪ জন। মতলব দক্ষিণ উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ১৮২৫ জন, দাখিল ৫৩৫ জন এবং ভোকেশনাল ১৮৬ জন।
জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে জানা গেছে, পরীক্ষা নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া নির্দেশনা মোতাবেক সকল পদক্ষেপ সম্পন্ন করা হয়েছে। সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত থাকবে প্রতিটি পরীক্ষা কেন্দ্র।
এছাড়াও জেলা প্রশাসক কার্যালয়ের মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং জেলা ও উপজেলা প্রশাসনের মনিটরিং টিম থাকবে মাঠে। জেলা পুলিশ কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।