বাসস
  ১৪ এপ্রিল ২০২৬, ১৪:২১

ঝিনাইদহে কৃষক কার্ড বিতরণ শুরু 

ছবি : বাসস

ঝিনাইদহ, ১৪ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ কর্মসূচি শুরু করা হয়েছে।  প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে টাঙ্গাইল থেকে সারাদেশে একযোগে এ কর্মসূচি উদ্বোধন করেন। 

এ উপলক্ষে জেলার শৈলকুপার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এ প্রান্তের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক কার্ড বিতরণ করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান।

অনুষ্ঠানে কৃষক কার্ডপ্রাপ্ত ১৬৭৯ জন উপকারভোগী কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর ব্লকের কৃষকরা পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে আজ কৃষক কার্ড পেয়েছেন।